কারাবন্দী অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

Sanatan Patra
সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন

দিনাজপুর: ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দী অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের ১৭ আগস্ট তাকে ডিভিশনপ্রাপ্ত কয়েদি হিসেবে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে থাকাকালেও তার চিকিৎসা চলছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়।

তার মৃত্যুতে ঠাকুরগাঁওসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top