লিচু ও চাল রপ্তানির প্রতিশ্রুতি দিয়ে নানাবাড়িতে ভোট চান তারেক রহমান

Sanatan Patra
নানাবাড়িতে জনসভায় তারেক রহমান

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নানাবাড়িতে জনসভা করে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে বিরামপুর এলাকায় আয়োজিত জনসভায় তিনি নিজেকে এ অঞ্চলের সন্তান হিসেবে উল্লেখ করে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, দিনাজপুর কৃষিনির্ভর এলাকা এবং এখানকার মানুষের প্রধান ফসল ধান। সেই ধানের শীষই বিএনপির প্রতীক। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই অঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি জানান, দিনাজপুরের বিখ্যাত লিচু ও কাটারিভোগ চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করা হবে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

জনসভায় তিনি রাজনৈতিক আন্দোলনে নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি ধর্মীয় নেতাদের ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের জন্য সম্মানী ও সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দেন।

শেষে তারেক রহমান দিনাজপুর অঞ্চলের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ভোটারদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top