ডা. মনীষা চক্রবর্তী কেবল একজন চিকিৎসক নন, তিনি একজন সাহসী সামাজিক কর্মী। নারী অধিকার, স্বাস্থ্যসেবা, সব ধরনের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে সরব। নিয়মিত লেখালেখি, প্রতিবাদ ও সামাজিক আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বরিশালে পরিচিত হয়ে উঠেছেন ‘গরিবের ডাক্তার’ নামে।
নারী ও শিশু নির্যাতন, স্বাস্থ্যসেবা বঞ্চনা, শ্রমিক ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে তিনি দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করে আসছেন। মানবিক সেবার পাশাপাশি মানুষের সচেতনতা বাড়াতে নাগরিক অধিকার, নারীর অধিকার, চিকিৎসা পাওয়ার ন্যায্যতা ও সমঅধিকার বিষয়ে সাধারণ মানুষের ভাষায় কথা বলেছেন তিনি। এই সচেতনতার কারণেই অনেকের কাছে তিনি শুধু চিকিৎসক নন, একজন আস্থার নাম হিসেবেও পরিচিত।
এই দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় এবার ডা. মনীষা চক্রবর্তী বরিশাল থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন। স্থানীয়দের মতে, রাজনীতিতে আসার পেছনে তার মূল লক্ষ্য ক্ষমতা নয়, বরং মানুষের সেবা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাকে নীতিনির্ধারণের জায়গায় কাজে লাগানো।
গত দশ বছরের বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রস্তুত করেছেন বলেই মনে করছেন তার সমর্থকরা। যারা তাকে কাছ থেকে চেনেন, তারা বলেন—তিনি সহজ, সাহসী এবং মানুষের দুঃখ-কষ্টকে নিজের দায়িত্ব হিসেবেই দেখেন।
বরিশালের পরিচিত মুখ হিসেবে ডা. মনীষা চক্রবর্তীর এই দীর্ঘ মানবিক যাত্রা এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। মানুষের পাশে দাঁড়ানো, অধিকার নিয়ে কথা বলা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে অঙ্গীকার তিনি এতদিন করে এসেছেন, সেই লক্ষ্য নিয়েই নির্বাচনের মাঠে এগিয়ে যাচ্ছেন তিনি।
...