পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের ইঙ্গিত

Sanatan Patra
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Sonatan Patro Logo
ইউএনবি
ঢাকা | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২
পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ২০২৬ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন।

রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন শিগগির হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।”

সংসদ অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে, তার কমপক্ষে ১৫ দিন আগে করতে হয়।”

তিনি আরও বলেন, “এই সামারিটা সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি এবং মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে।”

ওই অধিবেশনের সম্ভাব্য কার্যসূচি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, “সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে; অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে।”

তিনি জানান, প্রথামাফিক শোক প্রস্তাব উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংসদের নৈমিত্তিক অন্যান্য কার্যক্রমও চলবে।

নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।” তবে স্পিকার নির্বাচন অধিবেশন চলাকালে হবে বলে জানান তিনি।

এ সময় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ রকম একটা সংবাদ আমাদের কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে বলেছি। যদি সে রকম কিছু হয় আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।”

পুলিশের শীর্ষ পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কাঠামোগত পুনর্বিন্যাস এবং চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই এ পরিবর্তন আসতে পারে।

আগামী ১২ মার্চের অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি শুরু হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উত্থাপন—দুটি বিষয়ই সংসদের প্রথম অধিবেশনে গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২
...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top