পাঁচ মামলায় আইভীর অন্তর্বর্তী জামিন

Sanatan Patra
সেলিনা হায়াৎ আইভী ফাইল ছবি
Sonatan Patro Logo
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
হত্যা অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জামিন চেয়ে কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচটি আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন।

আলোচিত পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলা এবং অপরটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসংক্রান্ত মামলা। এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টে আবেদন করেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

জানা যায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

একই পাঁচ মামলায় এর আগে গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আইভী। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক পাঁচটি আবেদন করলে চেম্বার আদালত ১২ নভেম্বর হাইকোর্টের জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেই আবেদনগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, এজাহারে তার নাম নেই, তিনি দীর্ঘ সময় ধরে কারাগারে আছেন এবং তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি—এসব যুক্তি তুলে ধরে জামিন প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। তবে অন্য পাঁচ মামলায় জামিন স্থগিতাদেশ বহাল থাকায় তাৎক্ষণিকভাবে তার মুক্তি হচ্ছে না।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানিয়েছেন, হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট পাঠানো হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিন মেয়াদে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আদালতের রুলের নিষ্পত্তি এবং আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তার কারামুক্তির বিষয়টি।
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৫
হত্যাসহ পাঁচ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্য মামলার কারণে তাৎক্ষণিক মুক্তি নয়। সেলিনা হায়াৎ আইভী জামিন, হাইকোর্ট জামিন আদেশ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ফতুল্লা হত্যা মামলা, নারায়ণগঞ্জ সদর মডেল থানা, কে এম জাহিদ সারওয়ার, শেখ আবু তাহের, আপিল বিভাগ।
...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top