নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জ্যেষ্ঠ ছেলে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, আবদুল আউয়াল মিন্টু শুধুমাত্র একটি দলের জন্য নয়, দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তিনি বলেন, বাবা হওয়ায় নয়, তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডই তার এই পরিচয় বহন করে।
শনিবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে সোনাগাজী উপজেলার নবাবপুরে আয়োজিত নারী সমাবেশ ও নবীন-প্রবীণদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাবিথ আউয়াল।
তাবিথ আউয়াল বলেন, আবদুল আউয়াল মিন্টু একটি দলের প্রার্থী হলেও নির্বাচিত হলে তিনি এলাকার সব মানুষের জন্য সমানভাবে কাজ করবেন। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তাবিথ আউয়াল।
তিনি আরও বলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ভোটের মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন ও অধিকার নিশ্চিত করা সম্ভব।
নির্বাচন কেন্দ্র কমিটির আহ্বায়ক ডা. রবিউল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল আলম জহির, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেএম ফখরুদ্দীন ফারুক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু ইউসুফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তাবিথ আউয়াল তার বক্তব্যে বলেন, এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকেই আবদুল আউয়াল মিন্টু প্রথম মিল স্থাপন করেন, যেখানে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তিনি নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন বলেই নারী সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি একটি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং লাল তীর বীজ নামে একটি মানসম্মত বীজ কোম্পানি গড়ে তুলেছেন, যা কৃষকদের বেশি ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত করছে।
সভায় মোহাম্মদ জহিরুল আলম জহির বলেন, অতীতে রাজনৈতিক কারণে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল, এরপরও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি আবদুল আউয়াল মিন্টুকে একজন পরিচ্ছন্ন ও যোগ্য রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
সভা শেষে নেতারা সবাইকে নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্যদের ভোট প্রদানে উৎসাহিত করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার কথা বলেন।